শরীরের কোনো অংশে যদি কয়েক সেকেন্ড বরফের সঙ্গে লেগে থাকে তাহলে সেখানটা অবশ হয়ে যায়। কিন্তু ভেবে দেখেছেন যদি কাউকে কয়েক ঘণ্টা বরফের মধ্যে রেখে দেওয়া হয়, তবে কী হতে পারে? সাধারণ কেউ যেটা কল্পনাও করতে পারেন না তেমনটা করে দেখালেন অস্ট্রিয়ার এক ‘আইস সুইমার’। টানা আড়াই ঘণ্টা বরফের মধ্যে কাটিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন অস্ট্রিয়ার আইস সুইমার জোসেফ কোয়েবার্ল!
এর আগে তার বরফ-ঠান্ডা পানিতে সাঁতার কাটার একাধিক নজির রয়েছে। সম্প্রতি জোসেফ ২ ঘণ্টা ৩০ মিনিট ৫৭ সেকেন্ড বরফের মধ্যে কাটালেন। গত বছরও তিনি একই কাজ করেন। তবে সে বারের থেকে এবার তিনি বরফের মধ্যে ৩০ মিনিট বেশি কাটিয়েছেন। তার এই কীর্তির বেশ কয়েকটি ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, কাচের একটি স্বচ্ছ বাক্সে তিনি দাঁড়িয়ে আছেন। আর তার চার দিকে বরফ ঢেলে দেওয়া হচ্ছে ২০০ কেজি বরফ। গলা থেকে ওপরের অংশ বাদে পুরো শরীর ছিল বরফের মধ্যে। এই অবস্থায় তিনি কাটিয়ে দিয়েছেন আড়াই ঘণ্টা।—দ্য গার্ডিয়ান
