ভারত অভিযোগ করেছে, অরুণাচল প্রদেশ থেকে তাদের পাঁচ নাগরিককে অপহরণ করেছে চীন। কিন্তু বেইজিং বলছে, অরুণাচলকে তো স্বীকৃতিই দেয়নি তারা। বরং অরুণাচলকে তারা দক্ষিণ তিব্বত এবং চীনের অন্তর্ভুক্ত বলে দাবি করে। খবর আনন্দবাজার পত্রিকার
চীনা বাহিনীর হাতে সম্প্রতি পাঁচ অরুণাচলি যুবকের অপহূত হওয়ার খবর সামনে আসে। এ নিয়ে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে যোগাযোগও করা হয়েছে ভারতের পক্ষে। তা নিয়ে গতকাল সোমবার বেইজিংয়ে প্রশ্নের মুখোমুখি হন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। সেখানে তিনি বলেন, ঐ এলাকায় পাঁচ ভারতীয়র নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে চীনা বাহিনীর কাছে কী বার্তা এসেছে, সে ব্যাপারে আমাদের কাছে তথ্য নেই। এরই সঙ্গে অরুণাচল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ঝাও বলেন, তথাকথিত অরুণাচল প্রদেশকে কখনোই স্বীকৃতি দেয়নি চীন। ঐ এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বত। তবে ঝাও অপহরণের ব্যাপারে তথ্য দিতে অস্বীকার করলেও বিষয়টি নিয়ে যে চীনা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, রবিবার তা নিশ্চিত করেন ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। গত শনিবার আপার সুবনসিরি জেলার নাচো সেক্টরে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খবর সামনে আসে। সেখানকার কংগ্রেস বিধায়ক নিনং এরিং জানান, ঐ এলাকায় জঙ্গলে শিকারে গিয়েছিলেন টাগিন জনজাতির সাত তরুণ। সেখানে সেরা-৭ এলাকা থেকে পিএলএ বাহিনী পাঁচ তরুণকে অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে গেছে।
