গাইবান্ধার সাঘাটায় জামিরুল ইসলাম ও রুমী বেগম নামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারুহা গ্রামের বাড়ির শয়নকক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত জামিরুল ইসলাম (৩৬) ঐ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও রুমী বেগম (২৮) একই উপজেলার মুন্সীরহাট ইটাকুরি গ্রামের ওমর হোসেনের মেয়ে।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশাদ আজিজ জানান, প্রায় এক যুগ আগে তাদের বিয়ে হয়। লিমন (১০) ও ইয়াবিন (৩) নামে তাদের দুইটি ছেলে সন্তান আছে। তিনি আরো জানান, তুচ্ছ বিষয় নিয়ে রবিবার রাতে জামিরুল ও তার স্ত্রী রুমীর মধ্যে ঝগড়া হয়। সোমবার সকালে প্রতিবেশীরা শয়নঘরের বিছানায় রুমী বেগমের লাশ ও ঘরের ধরনার সঙ্গে জামিরুলের লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে—ঝগড়ার জের ধরে রাতের কোনো এক সময় জামিরুল তার স্ত্রী রুমী বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, খবর পেয়ে দুপুরে তাদের দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, এই দুই জনকে হত্যা করা হয়েছে, নাকি তারা আত্মহত্যা করেছেন—ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি জানা যাবে।
