বিশ্বব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে ‘এক ব্যক্তি কোম্পানি’ খোলার সুযোগ রেখে কোম্পানি আইন সংশোধনে একটি বিল উঠেছে সংসদে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল সোমবার ‘কোম্পানি (দ্বিতীয় সংশোধন) বিল-২০২০’ সংসদে উত্থাপন করেন। পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বিলটি সংসদে উত্থাপনের বিরোধিতা করে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) এমপি ফখরুল ইমাম বলেন, বিলে এক ব্যক্তির সংজ্ঞা হিসেবে ‘একজন প্রাকৃতিক সত্তাবিশিষ্ট ব্যক্তি’ বিষয়টি স্পষ্ট করতে হবে। মন্ত্রিসভায় ব্যবসায়ীরা আছেন বলে এ আইন করা হচ্ছে কি না, সেই সন্দেহের কথাও তোলেন তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়গুলো নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা করা হবে। নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কারো কাছে হাত পাতব না বলেই আমি ব্যবসায় এসেছি। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কোম্পানি আছে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার এ আইন সংশোধনের উদ্যোগে নিয়েছে। বিলটি উত্থাপনের বিরোধিতার প্রস্তাব পরে কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
উত্থাপিত বিলে বলা হয়েছে, এক ব্যক্তি কোম্পানির পরিশোধিত শেয়ার মূলধন হবে অন্যূন ৫০ লাখ টাকা এবং অনধিক ১০ কোটি টাকা। অব্যবহিত পূর্ববর্তী অর্থবছরের বার্ষিক টার্নওভার অন্যূন ২ কোটি টাকা এবং ১০০ কোটি টাকা হবে। পরিশোধিত শেয়ার মূলধন এবং বার্ষিক টার্নওভারের পরিমাণ বেশি হলে শর্তপূরণ সাপেক্ষে এক ব্যক্তির কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ক্ষেত্রমতো পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যাবে।
ট্রাভেল এজেন্সির মালিকানা হস্তান্তরের সুযোগ রেখে বিল
ট্রাভেল এজেন্সিগুলোর মালিকানা হস্তান্তর এবং দেশ-বিদেশে শাখা খোলার সুযোগ দিতে বিদ্যমান আইন সংশোধনের জন্যও একটি প্রস্তাব উঠেছে গতকাল সংসদে। ২০১৩ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২০’ সংসদে উত্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, অনুমোদন ছাড়া কোনো ট্রাভেল এজেন্সি ঠিকানা পালটাতে পারবে না। কোনো বিধান লঙ্ঘন করলে ছয় মাস জেল, ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সুনামগঞ্জে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ গতকাল সংসদে তোলেন। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
