খাতুনগঞ্জে হঠাত্ বেড়ে গেছে পেঁয়াজের দাম। গত কয়েক দিন দফায় দফায় বাড়ছে পেঁয়াজের মূল্য। পাইকারী দরে বিক্রি হচ্ছে কেজি ৩৮/৪০ টাকা। পেঁয়াজের ঊর্ধ্বমুখীর লাগাম টানতে গত রবিবার জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তে। কয়েকটি আড়তকে অর্থ জরিমানা করা হয়। অভিযানের প্রতিবাদে গতকাল সোমবার পেঁয়াজ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করে। সারাদিন তারা দোকান খোলেনি।
হঠাত্ পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানো হয় পেঁয়াজের আড়তগুলোতে। অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, ‘পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। বিক্রেতা ও আমদানিকারকের ব্যাপক কারসাজিতে পেঁয়াজের মূল্য বেড়েছে। আড়ত অনুযায়ী দামের ভিন্নতা দেখা গেছে। আমদানিকারকরা মূল্য নির্ধারণ করে দেয় আর আড়তদাররা কমিশনে পেঁয়াজ বিক্রি করছে।’
