করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউদ্দিন তারিক আলী (৭৫) আর নেই। গতকাল সোমবার সকালে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে তার মরদেহ অল্প সময়ের জন্য তার প্রাণপ্রিয় কর্মক্ষেত্র মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আনা হয়। সেখানে তার বন্ধু, সহকর্মীরা তাকে শেষ বিদায় জানান। পরে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তিনি মরণোত্তর দেহদান করেছিলেন। কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় সংক্রমণের আশঙ্কায় তাকে দাফন করা হয়।

জিয়াউদ্দিন তারিক আলীকে শেষ শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ছুটে আসেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ডা. সারওয়ার আলী, সারা যাকের, মফিদুল হক, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, কবি তারিক সুজাত, শিল্পী মুনীরুজ্জামান প্রমুখ। তার মৃত্যুতে শোক জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,  উদীচী শিল্পীগোষ্ঠী ও এক্সপ্রেশানস্ পরিবার।