অধ্যক্ষ পদে নিয়োগ পেতে দরকার ইনডেক্স নম্বর এবং পূর্ব অভিজ্ঞতা। কিন্তু ভুয়া ইনডেক্স দেখিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে রাজধানীর টিঅ্যান্ডটি মহিলা কলেজের অধ্যক্ষ পদ বাগিয়ে নিয়েছেন মো. মহসীন হোসেন। দীর্ঘ তদন্ত শেষে বিষয়টি প্রমাণিত হওয়ার পর এবার তার এমপিও সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তার এমপিও স্থায়ীভাবে কেন স্থগিত করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিতেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের জুন মাসে কলেজের গভর্নিং বডির সুপারিশের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ড. মো. মহসীন হোসেনকে অধ্যক্ষ পদে নিয়োগের অনুমতি দেন। সে আলোকে একই বছরের ৩০ জুন অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি। কিন্তু পরবর্তীতে অধ্যক্ষের অভিজ্ঞতার কাগজপত্র ঘেটে দেখা যায়, তিনি যে এমপিওভুক্তির ইনডেক্স ব্যবহার করেছেন তা ঠিক নয়। আসাদুল হাসান নামের আরেক ব্যক্তির ইনডেক্স নম্বর তিনি ব্যবহার করেছেন।
