জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এম বদিউজ্জামানের দুই স্ত্রী হলেন নাসরিন জামান ও তৌহিদা সুলতানা। গতকাল সোমবার কমিশন থেকে এই তিন জনের কাছে সম্পদ বিবরণীর নোটিশ পাঠানো হয়।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, প্রাথমিক অনুসন্ধানের জন্য তাদের কাছে সম্পদ বিবরণীর নোটিশ পাঠানো হয়েছে। দুদক পরিচালক কাজী শফিকুল আলম কমিশনের অনুমোদনক্রমে এ নোটিশ পাঠিয়েছেন। তাদের অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনা সংবলিত সম্পদ বিবরণী নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে দাখিল করতে বলা হয়েছে।
