৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০০:১০

নারায়ণগঞ্জে মসজিদে গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে ও দগ্ধ প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে কার দায়িত্বে অবহেলার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তা নির্ধারণে আদালতে আবেদন জানানো হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাম জামে মসজিদে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিত্সার জন্য ভর্তি করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় ২৬ জন। এ ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রবিবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। তখন হাইকোর্ট বলেন, এসব প্রতিবেদন যুক্ত করে অ্যাফিডেভিট আকারে আবেদন দাখিল করুন। এর পরই ঐ আইনজীবী ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।