বাংলাদেশ-ভারতের সম্পর্কে সোনালি অধ্যায় চলছে -------- রীভা গাঙ্গুলি দাশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০০:১১

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সোনালি অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে আমরা একে অপরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হচ্ছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

গতকাল সোমবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দার ঐতিহাসিক রঘুনাথ জিউ মন্দিরে ভারত সরকারের অর্থায়নে নির্মিত তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রীভা গাঙ্গুলি দাশ। এ উপলক্ষ্যে মন্দির চত্বরে সুধী সমাবেশের আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম), উপজেলা পরিষদ (ভাইস) চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত প্রমুখ। এর আগে রীভা গাঙ্গুলিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি রঘুনাথ জিউ মন্দিরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। অনুষ্ঠান শুরুর আগে সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।