কম দামে পেঁয়াজ বেচবে টিসিবি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০০:১৩

হঠাত্ করেই অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। গত দুই-তিন দিনের ব্যবধানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। এ অবস্থায় সাশ্রয়ী মূল্যে (বাজারদরের চেয়ে কম দামে) খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্কহার পুনর্নির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টাস্কফোর্স কমিটির সভাপতি ও বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসানসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পেঁয়াজের মজুত, আমদানি ও সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। টাস্কফোর্স কমিটির সদস্যরা বলেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে, আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের সংকট বা মূল্য বৃদ্ধির কোনো সংগত কারণ নেই। পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

তবে কবে থেকে পেঁয়াজ বিক্রি শুরু হবে—এ প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গতকাল ইত্তেফাককে বলেন, ‘নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে আগামী সপ্তাহ থেকে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করতে পারবে বলে আশা করছি।’ তিনি বলেন, খোলাবাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এই পেঁয়াজ বিক্রয় করা হবে। নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত তা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, পেঁয়াজের দাম নিয়ে গত বছরের অস্বস্তি এখনো ক্রেতাদের মনে দাগ কেটে আছে। তখন প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০০ টাকা পর্যন্ত উঠে যায়, যা নিয়ে সারা দেশে রীতিমতো তোলপাড় হয়ে যায়। তাই এ বছর আবার পেঁয়াজের দাম বাড়তে শুরু করায় একধরনের আতঙ্ক কাজ করছে ক্রেতাদের মনে।

আমদানিকারক মোবারক হোসেন ইত্তেফাককে বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে ভারতের বেঙ্গালুরুতে পেঁয়াজের আবাদ মার খেয়েছে। ফলে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের বেঙ্গালুরু থেকে যে নতুন পেঁয়াজ আমদানি করা হতো, এবার তা হচ্ছে না। ফলে দেশের বাজারে এর প্রভাব পড়েছে। তবে দাম বাড়লেও নিয়মিত পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে তিনি জানান।