মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।
আজ এক শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকাবার্তায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তাঁর পিতা এডভোকেট সিরাজুল হকের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন এডভোকেট এমদাদুল বারী। তাঁরা দু'জন অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এলাকায় রাজনীতি করেছেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে এডভোকেট সিরাজুল হক পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) এবং এডভোকেট এমদাদুল বারী প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) নির্বাচিত হয়েছিলেন।
সৈয়দ এমদাদুল বারী ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক এবং কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সৈয়দ এমদাদুল বারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামে জন্মগ্রহণ করেন। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)।
মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পিটিআই স্কুল মাঠ ও পরে গ্রামের বাড়ি জেলার আখাউড়ার উপজেলার রানীখার গ্রামের তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এসআই
