জয়পুরহটে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:০০

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সরবরাহ করার অপরাধে চার প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় রেলস্টেশন এলাকার রাতুল বেকারীর মালিক হায়দার আলী রাতুলের (২৬) নিকট থেকে ৩০ হাজার টাকা, জনতা বেকারীর মালিক আহম্মেদ আলীর (৫৫) নিকট থেকে ২০ হাজার টাকা, রুচিতা হোটেল এন্ড চাইনিজ রেস্তোরার মালিক রাসেল মিয়ার (৩৯) নিকট থেকে ৩ হাজার ও কুটুমবাড়ী হোটেল এন্ড রেস্তোর মালিক মিজানুর রহমানের (৩৯) নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ও জয়পুরহাট পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মামুনুর রশীদ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ইত্তেফাক/আরকেজি