মাছি মারতে গিয়ে পুড়িয়ে ফেললেন বাড়ি, বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিও

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১

একটি মাছিকে মারতে গিয়ে বাড়ি পুড়িয়ে ফেললেন ফ্রান্সের ডর্ডন শহরের এক ব্যক্তি। এই ঘটনায় ওই ব্যক্তি নিজেও দগ্ধ হয়েছেন। 
 
 
জানা গেছে,  ওই ব্যক্তি যখন রাতের খাবার খেতে বসেন, সেই সময় মাছিটি উড়ে এসে তাকে বিরক্ত করছিল। অবস্থা এমনই হয় যে, মাছিটিকে মারতে উদ্যত হন তিনি।

৮০ বছরের ওই ব্যক্তি পোকামাকড় মারতে ব্যবহৃত একটি ইলেকট্রনিক র‌্যাকেট দিয়ে ওই মাছিটিকে মারতে যান। কিন্তু তখনই ঘটে দুর্ঘটনা। সেই সময় ওই বাড়িতে গ্যাস লিক করছিল। কিন্তু এ ব্যাপারে একেবারেই অবগত ছিলেন না ওই প্রবীণ ব্যক্তি। ফলে ব্যাট চালাতেই ঘটে বিস্ফোরণ।

  বিস্ফোরণের পর ওই বাড়ির রান্নাঘর ও ঘরের ছাদ বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণে ওই ব্যক্তির হাতেও আগুন লেগে যায়। তবে ভাগ্যবশত বেচে গিয়েছেন তিনি।

বাড়িটি এখন আর বসবাসের অবস্থায় না থাকায় বর্তমানে একটি ক্যাম্পেই দিন কাটাচ্ছে ওই পরিবার। ঘটনায় আতঙ্কিত হয়ে পরেছেন ওই প্রবীণ ব্যক্তি। বাড়িটি মেরামতের কাজ চলছে বলে জানা গিয়েছে। বিবিসি, ডেইলি মেইল। 

ইত্তেফাক/এআর