লাদাখের প্যাংগং লেকের তীরে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বেআইনিভাবে পার হয়ে ভারতীয় বাহিনী গুলি ছুঁড়েছে বলে অভিযোগ করেছে চীন। এর কিছুক্ষণ পরে ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। উল্টো ভারতের দাবি, গুলি ছুঁড়েছে চীন।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ তীরে চীনা বাহিনী ভারতীয় অবস্থানের কাছাকাছি আসার চেষ্টা করে। সেইসঙ্গে আকাশে ফাঁকা গুলি ছুঁড়েছে।
ভারতের অভিযোগ, বেইজিং মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
এক বিবৃতিতে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় বাহিনী এলএসি অতিক্রম করেনি বা কোন ধরনের উস্কানিমূলক পদক্ষেপও নেয়নি (গুলিও ছুঁড়েনি) ।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এলএসি পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে চীনের পিপলস লিবারেশন আর্মি।
এসময় ভারতের টহলরত বাহিনীর চোখে পড়লে তত্ক্ষণাত্ পিছু হটার হুঁশিয়ারি দেয়। কিন্তু হুঁশিয়ারি উপেক্ষা করে শেনপাও পর্বতের গুরুত্বপূর্ণ অংশ দখলের চেষ্টা চালায় পিএলএ।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে আরো বলা হয়েছে, ব্যাট, রড নিয়ে হামলা চালায় চীনা বাহিনী। ভারতীয় সেনার তরফে ক্রমাগত প্রতিরোধের চেষ্টা করা হয়। শেষমেশ, গুলি (ওয়ার্নিং শট) চালাতে বাধ্য হয় সেনা।
ইত্তেফাক/এসআর
