জাপানে মঙ্গোলিয়ান আদিবাসীদের চীনবিরোধী প্রতিবাদ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গোলিয়ান আদিবাসীদের মাতৃভাষার পরিবর্তে চীনের সরকারি ভাষা মান্দারিন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। এর প্রতিবাদে জাপানস্থ চীন দূতাবাসের সামনে জড়ো হয়েছিলেন মঙ্গোলিয়ান আদিবাসী জনগণ।

জানা গেছে, ১৫ থেকে ২০ জন মঙ্গোলিয়ান আদিবাসী জনগণ এই প্রতিবাদে অংশ নেন। 

চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,  এখন থেকে রাজনীতি, ইতিহাস এবং ভাষা ও সাহিত্য-এ তিনটি বিষয় মঙ্গোলিয়া ভাষার পরিবর্তে মান্দারিনে পড়ানো হবে। ধীরে ধীরে এটি বাস্তবায়ন করা হবে। এদিকে চীন সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে অভিভাবকরাও তাদের সন্তানদের স্কুলে পাঠাতে অস্বীকৃতি জানাচ্ছে বলে জানা গেছে। 

বিশ্লেষকরা বলছেন, চীন সরকারের এমন সিদ্ধান্তের ফলে আদিবাসীদের ভাষা দেশটি থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। 

এর আগে জিনজিয়াং অঞ্চলেও মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী উইঘুরদের ওপর একই ধরনের নীতি গ্রহণ করে বেইজিং। সেখানে মুসলিমদের ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ আছে চীনা সরকারের বিরুদ্ধে।

ইত্তেফাক/এআর