বেলারুশের বিক্ষোভ: গুম হওয়া সেই নেত্রী ইউক্রেন সীমান্তে আটক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১২

বেলারুশে সরকার বিরোধী বিশাল গণ-মিছিলের পর গুম হওয়া বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোলেসনিকোভাকে ইউক্রেন সীমান্ত থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই নেত্রীকে ইউক্রেন সীমান্ত থেকে আটক করা হয়েছে বলে দেশটির জাতীয় সংবাদ মাধ্যমে বলা হয়। খবর বিবিসির।

জানা যায়, গণ মিছিলের পর অজ্ঞাত পরিচয়ে বেশ কয়েকজন ব্যক্তি তাকে রাজধানী মিনস্ক থেকে অপহরণ করে। আর আল জাজিরার খবরে বলা হয়, মুখোশপড়া ব্যক্তিরা তুলে নিয়ে গেছে কোলেসনিকোভাকে। এরপর তাকে একটি মিনিভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে।

বেলারুশের মিডিয়া আউটলেট টুটু ডট বাই প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতির বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ওই বিক্ষোভ থকে পুলিশ গ্রেপ্তার করেছে বেশ কিছু বিক্ষোভকারীকে।

গণমাধ্যমটির খবরে আরও বলা হয়, গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে প্রতিবাদে নামে সরকার বিরোধীরা। এরই ধারাবাহিকতায় মিনস্কে গণর‌্যালি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৬৩৩ বিদ্রোহী গ্রেফতার করে দেশটির সরকারি প্রশাসন। যদিও কোলেসনিকোভাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেনি দেশটির পুলিশ।

আরও পড়ুন: করোনার ভয়াল পরিস্থিতিতেই খুলে দেওয়া হচ্ছে তাজমহল

উল্লেখ্য, গত ৯ই আগস্ট সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোকে চ্যালেঞ্জ জানাতে একত্রিত হয়েছিলেন তিনজন নারী নেত্রী। তার মধ্যে রাজনীতির মাঠে সর্বশেষ সক্রিয় ছিলেন কোলেসনিকোভা ।

ইত্তেফাক/আরআই