আসন্ন ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচনে অংশ নিবে বিএনপি। ইতিমধ্যে মেয়র পদে বিএনপির দলীয় ফরম বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন,চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘এই নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ৬ সেপ্টেম্বর। বুধবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা গেলে প্রার্থিতা ঘোষণা করা হবে ১০/১১ সেপ্টেম্বর।’
এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। গত ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া গত ১৩ মার্চ ইন্তেকাল করেন। তার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন।
আরও পড়ুন: বৃষ্টিতে সিলেট নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগে বাসিন্দরা
মনোনয়নপত্র সংগ্রহের পর সম্ভাব্য প্রার্থী হাজী মোশারফ হোসেন বলেন, ‘চাঁদপুর বিএনপির ঘাঁটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং নির্দেশনায় আমরা সারা বংলাদেশের মতো চাঁদপুরেও সুসংগঠিত। আসন্ন নির্বাচনে আমরা সর্বশক্তি নিয়োগ করে চাঁদপুর পৌরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবারের পৌরসভার নির্বাচন হলো বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। গণতন্ত্রের মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য আর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আদমেদ মানিকের হাতকে শক্তিশালী করতে আমরা নির্বাচনে লড়াই করতে চাই।’
ইত্তেফাক/এএএম
