প্রত্যেক মানুষের জীবনে একটা মুহূর্তে হতাশা আসে। নির্দিষ্ট আকাঙ্ক্ষা পূর্ণ না হওয়া, ইচ্ছা অনুযায়ী কিছু করতে না পারা, লক্ষ বাস্তবায়নে ব্যর্থ হওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, মানসিকভাবে কষ্ট পাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ হতাশার সাগরে নিমজ্জিত হয়। এমনকি হতাশায় আচ্ছন্ন হয়ে ব্যক্তি আত্মহত্যা পর্যন্ত করে। আমাদের হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। হতাশা জীবনের একটি অংশ মাত্র। হতাশা কাটিয়ে উঠতে আমরা ভালো ভালো কাজে মনোনিবেশ করতে পারি। খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা করতে পারি, বই পড়তে পারি, আনন্দভ্রমণ অথবা পিকনিকের ব্যবস্থা করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি, মানবকল্যাণে স্বেচ্ছাশ্রম দিতে পারি, গরির-দুঃখীদের খাদ্য-বস্ত্রের ব্যবস্থা করতে পারি। সুখ-দুঃখ, আশা-হতাশা, সম্মান-গ্লানি, আনন্দ-বেদনা, হর্ষ-বিষাদ, বন্ধুত্ব-বিচ্ছেদ—এগুলোর সমন্বয়ই তো জীবন। জীবন যদি মই হয়, তাহলে হতাশা তার একটি ধাপ মাত্র। আমরা সবসময় প্রফুল চিত্তের অধিকারী হওয়ার চেষ্টা করব এবং জীবন থেকে হতাশাকে দূরে ঠেলে দেব।
মো. ওসমান গনি শুভ
শিক্ষার্থী, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
