সাইফ হাসান করোনা পজিটিভ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলের পুলের ক্রিকেটারদের প্রথম ধাপের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশেষ করে গত এক মাস যারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছিলেন। এই ধাপে ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও নমুনা পরীক্ষা করা হয়েছিল। প্রথম ধাপে করোনা পজিটিভ হয়েছেন দুই জন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার সাইফ হাসান ও ট্রেনার ট্রেভর নিক লি করোনায় আক্রান্ত হয়েছেন।

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের শুরু থেকে ছিলেন না সাইফ হাসান। গত ২৬ আগস্ট অনুশীলনে যোগ দিয়েছিলেন ডানহাতি এই ওপেনার। ট্রেনার লি আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন। ইংলিশ এই ট্রেনারের কোয়ারেন্টাইন সম্পন্ন হয়েছিল। কোয়ারেন্টাইন শেষে পরীক্ষায় পজিটিভ হলেন তিনি।

করোনা পজিটিভ হলেও কোনো উপসর্গ নেই তাদের। পরীক্ষার ফলাফল পাওয়ার পরপরই তাদের আইসোলেশনে পাঠিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেনার লি গত ১৪ আগস্ট দুবাইয়ে করা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। ১০ দিন আইসোলেশনে থাকার পর ২৩ আগস্ট আবার নেগেটিভ হন।

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমাদের কোভিড-১৯ পরামর্শক লি-এর বিষয়টা দেখছে, এটা নতুন নাকি পুরোনো সংক্রমণ।’

প্রথম ধাপে নমুনা দেওয়া বাকি ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা নেগেটিভ হয়েছেন। নেগেটিভ হওয়া সবাইকে নিয়ে আজ শুরু হওয়ার কথা ক্রিকেটারদের অনুশীলন। করোনার সতর্কতা হিসেবে রেড জোন, গ্রিন জোনে ভাগ করা হবে মিরপুর স্টেডিয়ামকে। মাঠ, ড্রেসিংরুম, ইনডোর, একাডেমিকে গ্রিন জোনে রাখা হবে। গ্রিন জোনে প্রবেশাধিকার পাবেন শুধু এই জোনের অ্যাক্রিডিটেশন প্রাপ্তরা।

গত ৭ সেপ্টেম্বর প্রথম দিনে ২৪ জনের করোনা পরীক্ষা হয়েছিল। তাদের মধ্যে ১৭ জন ক্রিকেটার ও সাত জন সাপোর্ট স্টাফ ছিলেন। বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানা গেছে, গতকাল আরো আট জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়। আজ আরো দুই জনের পরীক্ষা হবে। এর আগে বিসিবির ট্রেনার ইয়াকুব আলী চৌধুরীর করোনা পজিটিভ ধরা পড়ার পরই ক্রিকেটারদের অনুশীলনে বিরতি দিয়েছিল বিসিবি।