স্পোর্টস ডেস্ক
শেষ আটে ওঠার লড়াইটা সহজ ছিল না যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামসের জন্য। ছয় বারের চ্যাম্পিয়নের সামনে ইউএস ওপেনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন মারিয়া সাকারি। শেষ অবধি তিন সেটের লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালের টিকিট পান সেরেনা।
যদিও, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তার স্বদেশি গত অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সোফিয়া কেনিন। বেলজিয়ামের এলিস মের্টেন্সের কাছে ৬-৩, ৬-৩ গেমে হেরে দুই নম্বর বাছাই কেনিন বিদায় নিয়েছেন। শেষ আটে ১৬তম বাছাই মের্টেন্সের প্রতিপক্ষ বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।
অন্যদিকে, ২০তম বাছাই চেক রিপাবলিকের কারোলিনা মুচোভাকে ৫-৭, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে চার বছরেরও বেশি সময় পর প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন সাবেক নাম্বার ওয়ান আজারেঙ্কা।
একই দিন পুরুষ এককের কোয়ার্টার-ফাইনালে খেলা নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই ডমিনিক টিম ও তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে সোমবার তৃতীয় বাছাই সেরেনা প্রথম সেট জিতেছিলেন ৩৭ মিনিটে। তবে ৩৮ বছর বয়সি তারকা হেরে যান পরের সেটেই। তবে অঘটন ঘটেনি শেষ পর্যন্ত। ১৫তম বাছাই গ্রিসের সাকারিকে হারান তিনি ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ডস্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার লক্ষ্যে থাকা সেরেনা শেষ আটে লড়বেন বুলগেরিয়ার সভেতানা পিরোনকোভার বিপক্ষে।
