স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড সফরটা মন মতো হয়নি সফরকারী পাকিস্তান দলের জন্য। স্বাভাবিকভাবেই সমালোচনার আঙুল কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হকের দিকে। তবে, শুধু সমালোচনাতেই এই যাত্রায় বেঁচে যাবেন না তিনি। তাকে পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে হবে স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছেও।
পিসিবির চেয়ারম্যান এহসান মানি পাকিস্তানের শীর্ষস্থানীয় ‘দ্য ডন’ পত্রিকাকে এমনটাই জানান। শুধু ব্যর্থতার ব্যাখ্যাই নয়, দল নিয়ে তার ভবিষ্যত্ পরিকল্পনাও বিস্তারিতভাবে খোলাসা করতে হবে বোর্ডের কাছে। এহসান মানি বলেন, ‘আমি ক্ষমতায়নে বিশ্বাস করি, এ কারণেই মিসবাহকে পুরো কর্তৃত্ব ও সমর্থন দেওয়া হয়েছিল। তবে অবশ্যই তাকেও জবাবদিহিতা করতে হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে পিসিবির ক্রিকেট কমিটির মুখোমুখি হতে হবে তাকে। সেখানে তার নিজের এবং দলের পারফরম্যান্স তুলে ধরতে এবং ভবিষ্যত্ ভাবনা জানাতে বলা হবে তাকে।’ ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে ফিরেছে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তিন উইকেটে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় টেস্ট ড্র হয় বৃষ্টিতে। শেষ টেস্টে ফলোঅনে পড়লেও বৃষ্টি আশীর্বাদ হয়ে আসে সফরকারীদের জন্য। ড্রয়ে সমাপ্ত হয় সেই ম্যাচও। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপরের দুইটি ম্যাচের প্রথমটাতে হেরে পিছিয়ে যায় পাকিস্তান। তবে, শেষ ম্যাচটায় জিতে নিয়ে সিরিজ ড্র করতে সক্ষম হয় বাবর আজমের দল।
