জোয়ারের পানি ঢুকছে না সাহেরখালী খালে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২৮

জেলেদের জীবিকা অনিশ্চিত!

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী খালে পানি কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে ৩০০ জেলে পরিবারের জীবিকা। নৌকা চলাচল বন্ধ থাকার ফলে সাগর থেকে আহরিত মাছ সাহেরখালী ঘাটে আনতে না পারায় এরই মধ্যে অনেক জেলে সাগর থেকে মাছ ধরা বন্ধ করতে বাধ্য হয়েছেন। সাহেরখালী ঘাট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত সাহেরখালী খালে পানি শুকিয়ে যাওয়ায় স্থানীয় জয়নগর, সাহেরখালী ও মির্জানগর গ্রামের জেলেরা দুর্ভোগের প্রতিকার চেয়ে মঙ্গলবার সকালে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। মঙ্গলবার দুর্ভোগের শিকার স্থানীয় জেলে ব্রজেন্দ্র জলদাশ, রবি জলদাশ, সুধির জলদাশ, প্রাণহরি জলদাশ ও বাসু জলদাশ ইত্তেফাককে জানান, বঙ্গোপসাগরের পাশ দিয়ে নতুন নির্মিত মেরিন ড্রাইভ সড়কের ৬ নম্বর স্লুইস গেটটি বন্ধ থাকার ফলে সাহেরখালী খালের এই তিন কিলোমিটার অংশে জোয়ারের পানি না আসায় খাল শুকিয়ে গেছে। নৌকা চলাচল বন্ধ থাকায় সাগর থেকে আহরিত মাছ নিয়ে হাঁটু পরিমাণ কাদার মধ্যে হেঁটে সাহেরখালী ঘাটে যেতে হয়। ফলে সাগর থেকে অতিকষ্টে আহরিত মাছ ঘাটে আনার আগেই পচে যায়। অনেক জেলে পরিবারকে না খেয়েই দিন পার করতে হচ্ছে।  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মিরসরাই অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনিস হায়দার খান ইত্তেফাককে বলেন, সাহেরখালী খালে জোয়ারের পানি না থাকায় জেলেদের অসুবিধার বিষয়টি আমাদের কেউ জানায়নি। মেরিন ড্রাইভের এই সু্লইস গেটটি এখনো পুরোপুরি চালু হয়নি।  মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ইত্তেফাককে বলেন, মিরসরাইয়ে গড়ে ওঠা শিল্পনগরের কারণে যাদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য সরকার ব্যবস্থা নেবে, এ ধরনের প্রতিশ্রুতি আছে। উপজেলার সাহেরখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জেলেদের কাছ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি আমরা বেজা কর্তৃপক্ষকে জানাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কীভাবে বিষয়টির সুরাহা করা যায় সে চেষ্টা করব।