চারআনি রাজপরগনার মূল ফটক ভেঙে গেছে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

সংস্কারের অভাবে রাজশাহীর পুঠিয়ায় চারআনি রাজপরগনার মূল ফটক ভেঙে গেছে। সোমবার রাজবাড়ির মূল গেটের পাশাপাশি চারআনি রাজপরগনার মূল ফটকসহ ভবনের কিছু অংশ ভেঙে যায়। লোকনাট্যকার ও গবেষক কাজী সাঈদ হোসেন দুলাল বলেন, বারোভূঁইয়ার ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এই রাজপরগনায়। পরগনার কয়েকটি স্থান প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করলেও নানা কারণে চারআনি রাজবাড়িটি এখনো অবহেলিত। দ্রুত পরগনার সংরক্ষণ কাজ শুরু না করলে আগামী প্রজন্ম রাজপরগনার ইতিহাস ও ঐতিহ্যের শেষ স্মৃতিটুকুও দেখতে পাবে না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক প্রকৌশলী নাহিদ সুলতানা বলেন, চারআনি রাজবাড়ির মালিকানা নিয়ে মামলা হয়েছে, যা এখনো বিচারাধীন। এ কারণে এটি সংরক্ষণ ও সংস্কার করতে পারিনি। তার পরেও চেষ্টা করছি যেন রাজবাড়ির শেষ অংশটুকু সংরক্ষণ করা যায়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওলিউজ্জামান বলেন, চারআনি রাজবাড়ি এলাকা এখনো উপজেলা ভূমি অফিসের অধীনে রয়েছে। বর্তমানে পরগণার এক অংশে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলে। সোমবার চারআনি রাজবাড়ির মূল ফটক ভেঙে পড়ার খবর শুনেছি। আগের মতো পুরাকীর্তিযুক্ত পুনঃসংস্কার করার মতো সামর্থ্য ভূমি অফিসের নেই। আমরা আজকালের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বিষয়টি লিখিতভাবে অবহিত করব।