বিস্ফোরণ ও প্রাণহানির আশঙ্কা
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাস। আর এই এলপিজি সিলিন্ডার বিক্রেতারা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো দাম নিচ্ছেন। উপজেলার প্রতিটি হাটবাজারের অধিকাংশ পানের দোকান থেকে শুরু করে জুতার দোকানে পর্যন্ত বিক্রি হচ্ছে সিলিন্ডার ভর্তি গ্যাস। এতে বিস্ফোরণ ও প্রাণহানির আশঙ্কা থেকেই যাচ্ছে। ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, যেখানে সেখানে অবাধে গ্যাস সিলিন্ডার বিক্রিতে ভয়াবহ বিস্ফোরণসহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে বিক্রেতাদের নিয়মনীতি অনুসরণের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের নজর দেওয়া জরুরি। সিলেট ডিভিশনাল এলপিজি গ্যাস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ বলেন, এর জন্য প্রশাসনের নীরবতা ও কোম্পানির সংশ্লিষ্টদের খুচরা বিক্রেতাদের অতিউত্সাহই দায়ী। সিলিন্ডারের গায়ে নির্ধারিত মূল্য না দেওয়ার সুযোগে কোম্পানিগুলোই বেশি লাভবান হচ্ছে। এখানে খুচরা বিক্রেতাদের মুনাফা সামান্য। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার পর নিয়ন্ত্রণে এসেছিল। শিগিগরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবারও অভিযান পরিচালনা করা হবে।
