সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত আহত ১৫

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত এবং ১৫ শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এবং আশুলিয়ার জিরানী-আমতলা সড়কের গোহাইলবাড়ী এলাকায় এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিয়াদ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অবস্থায় মোটরসাইকেলের চালককে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিয়াদ চাঁদপুর জেলার মতলব থানার সেনগাবচর গ্রামের মাহবুব ইসলামের ছেলে। তিনি রাজধানীর গাবতলীতে থাকতেন।

অপরদিকে সকালে আশুলিয়ার জিরানী-আমতলা সড়কের গোহাইলবাড়ি এলাকায় যাত্রীবাহি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ১৫ পোশাক শ্রমিক আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। তারা সবাই টেঙ্গুরী এলাকার স্প্রিং ট্রেড লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার শ্রমিক। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বাস খাদে পড়ে যাওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ডুবুরি দিয়ে পানিতে থাকা বাসে তল্লাশী চালিয়ে কোন মরদেহ পাওয়া যায়নি।