ইত্তেফাক রিপোর্ট
রমনা পার্ক ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ঐ আবেদনে পার্ক খুলে না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ নগরবাসীর প্রাত:ও বৈকালিক ভ্রমণের জন্য রমনা পার্ক খুলে দিতে গত ৬ সেপ্টেম্বর গণপূর্ত সচিবকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু ঐ নোটিশের জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। ইউনূস আলী বলেন, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে গত মার্চ থেকে বন্ধ রাখা হয় রমনা পার্ক। কিন্তু বর্তমানে এখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। এমতাবস্থায় রমনা পার্ক বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই।
