গণতন্ত্রের অগ্রযাত্রায় তিনি আজও প্রেরণা জোগান :সাদেক সিদ্দিকী
ইত্তেফাক রিপোর্ট
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন গতকাল মঙ্গলবার রাজধানীর দোয়েল চত্বরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সংগঠনগুলোর নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনায় মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। কোনো কোনো সংগঠন আলোচনাসভারও আয়োজন করেছে।
সোহরাওয়ার্দীর মাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রা ও রাজনৈতিক সংকট নিরসনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের আজও প্রেরণা জোগায়। বাংলার রাজনীতিতে তার অবদান আজকের প্রজন্মকে জানাতে হবে। তিনি বলেন, ইতিহাসে যার যে মর্যাদা প্রাপ্য তাকে তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। জনগণের ঐক্য ও রাষ্ট্রের স্বার্থেই শেরে বাংলা, মওলানা ভাসানী, সোহরাওয়ার্দীকে যথাযথ মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব।
জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিলের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্বপ্নের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ড বন্ধ করা উচিত। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আবাহনী লিমিটেডের পরিচালক শেখ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সভাপতি লায়ন গনি মিয়া বাবুল প্রমুখ। আলোচনাসভা শেষে নেতৃবৃন্দ সোহরাওয়ার্দীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।
এদিকে, সোহরাওয়ার্দীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে সোহরাওয়ার্দীর সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন গনি মিয়া বাবুলের নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, শহীদ সোহরাওয়ার্দী আজীবন গণতন্ত্র, গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা ও বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন।
