‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

তরুণ সম্পৃক্ততা ছাড়া টেকসইভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞগণ। গতকাল মঙ্গলবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও যুবদের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় এ ধরনের মতামত উঠে আসে।

দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলাবিষয়ক বিভিন্ন কার্যক্রমে যুবদের সক্রিয় অংশগ্রহণ এবং যুবদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মাসুদ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব জাতি আজ বিপদাপন্ন। এ সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা আরো জোরালো করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়ন, সবকিছুতেই তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

মাসুদ আহমদ বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং রূপকল্প ২০২১ ও ২০৪১ অর্জনে দেশের জনসংখ্যার সর্বাপেক্ষা সৃজনশীল ও উদ্যোমী অংশ যুবদের অংশগ্রহণ নিশ্চিত করার বিকল্প নেই। এজন্য প্রয়োজন উন্নয়ন ও ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুবদের সম্পৃক্ত করা।