দ্রুত বিদ্যুত্সুবিধা দিতে ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো চার প্রতিষ্ঠান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

বিনিয়োগকারীদের অতি দ্রুত নতুন বিদ্যুত্সংযোগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসের সঙ্গে যুক্ত হলো চার প্রতিষ্ঠান। গতকাল বিডার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে চারটি সেবা প্রদানকারী সংস্থা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিনিয়োগ সেবাকে আরো সহজ স্বচ্ছ দ্রুত এবং উন্নত করতে হবে। যাতে বিনিয়োগকারী সহজেই একই জায়গা থেকে সেবাগুলো পেতে পারেন। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিডা। চার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকের ইন্টিগ্রেশন বাস্তবায়নের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অতি দ্রুত নতুন বিদ্যুত্সংযোগ পাবেন। উল্লেখ্য, বিডা ২০১৯ সালের ২৪ ফ্রেরুয়ারি অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে ৩৫টি সেবা প্রদানকারী সংস্থার ১৫৪টির ও বেশি সেবা প্রদানের লক্ষ্য রয়েছে। গতকালকের চারটি প্রতিষ্ঠানসহ সর্বমোট ২০টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।