ইত্তেফাক রিপোর্ট
বিদেশে চাকরির বিপরীতে পাওয়া পেনশনের অর্থ দিয়ে ওয়েজ আর্নার বন্ড কেনা যাবে না। সেই সঙ্গে শিপিং বা এয়ারওয়েজে কর্মরতরাও এ বন্ডে বিনিয়োগ করতে পারবেন না। অর্থ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত একটি সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কেনার যোগ্যতার ক্ষেত্রে বিদ্যমান বন্ড রুলসের পাশাপাশি কারা কিনতে পারবেন না, তা স্পষ্ট করেছে। এ তালিকায় রয়েছেন—যেসব প্রবাসী বাংলাদেশি বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক মুদ্রায় পেনশন পান, অথবা প্রবাস থেকে পেনশন পান, কিন্তু বর্তমানে বাংলাদেশে থাকেন, তারা এ বন্ড কিনতে পারবেন না। ওয়েজ আর্নারের মৃত্যুপরবর্তী চাকরির সুযোগ-সুবিধা বাবদ পাওয়া অর্থ দিয়েও এ বন্ড কেনা যাবে না। বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি এবং বাংলাদেশি মালিকানাধীন বিদেশস্থ অফিসে নিয়োগপ্রাপ্ত মেরিনার, পাইলট বা কেবিন ক্রুরা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন না। উল্লেখ্য, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এ বন্ডে বিনিয়োগ করার সুযোগ পান।
