মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন দুই প্রার্থী। শ্রমিক দিবসের ছুটি উপলক্ষ্যে চালানো প্রচারণায় একে অপরের বিরুদ্ধে বিরূপ মন্তব্যও করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বি জো বাইডেনকে ‘বেকুব’ বলে অভিহিত করেছেন। আর বাইডেন আসন্ন নির্বাচনকে প্রেসিডেন্ট ট্রাম্পের চরিত্রের ওপর গণভোট বলে উল্লেখ করেছেন। খবর সিএনএন ও রয়টার্সের
যুক্তরাষ্ট্রে শ্রমিক দিবসের দিনে (সেপ্টেম্বরের প্রথম সোমবার) হোয়াইট হাউজের সামনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বাইডেন ও তার অত্যন্ত উদার রানিংমেট (কমলা হ্যারিস) কংগ্রেসের সবচেয়ে উদার ব্যক্তি। তবে আমার মতে তিনি যোগ্য ব্যক্তি নন। তিনি এই দেশকে ধ্বংস করে দিতে পারে এবং এই অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারেন। বাইডেন ক্ষমতায় আসলে চীন যুক্তরাষ্ট্রকে দখলে নেবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, টিকা বিরোধী বিবেচনাহীন বক্তব্যের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। তাদের এসব বক্তব্য বিজ্ঞানের অবমাননা। এ সময় বাইডেনকে ‘বেকুব’ বলে অভিহিত করেন ট্রাম্প।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণা বাইডেন সমর্থকদের উদ্দেশে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কী পদক্ষেপ নেন এবং আমি কী পদক্ষেপ নিচ্ছি তা আপনারা লক্ষ্য করুন। তিনি বলেন, আগামী নির্বাচন হবে প্রেসিডেন্ট ট্রাম্পের চরিত্রের ওপর গণভোট। তিনি যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের নিয়ে ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদ ছড়ানো এবং শ্রমিক শ্রেণিকে অবজ্ঞা করার অভিযোগ আনেন।
