বাড়ি সংস্কারের জন্য দেওয়া অর্থ রাজপ্রাসাদের কাছে ফেরত দিয়েছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। ইতিমধ্যে তারা বিশাল অর্থের একটি প্রডাকশন চুক্তি করেছেন নেটফ্লিক্সের সঙ্গে। খবর ডয়চেভেলের
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর হ্যারি ও মেগান দম্পতিকে উইন্ডসর প্রাসাদের কাছের ফ্রগমোর কটেজটি উপহার দেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এর প্রয়োজনীয় সংস্কারে ব্যয় হয়েছিল ২৪ লাখ পাউন্ড। এই টাকা দেওয়া হয়েছিল রাজ পরিবারের জন্য ব্রিটিশ জনগণের দেওয়া করের তহবিল থেকে। হ্যারি ও মেগান সেই অর্থ ফেরত দিয়েছেন বলে সোমবার জানিয়েছেন তাদের এক মুখপাত্র। তবে বাড়িটি এখনো হ্যারি ও মেগানের নামেই থাকছে। যুক্তরাজ্যে গেলে তারা সেখানে অবস্থান করতে পারবেন। তাদের মুখপাত্র বলেছেন, রানির সম্পত্তি ফ্রগমোর কটেজ সংস্কারে যেই টাকা খরচ হয়েছিল তার পুরোটাই দিয়েছেন প্রিন্স হ্যারি। তবে কটেজটি ডিউক ও তার পরিবারের যুক্তরাজ্যের বাসভবন হিসেবে এখনো থাকছে।
গত সপ্তাহে এই দম্পতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা বিনোদন সাইটটির জন্য সিনেমা, ডকুমেন্টারি, সিরিয়াল প্রযোজনা করবেন। যদিও নেটফ্লিক্সের সঙ্গে তাদের কত টাকার চুক্তি হয়েছে তা জানা যায়নি। সম্প্রতি সাসেক্সের ডিউক ও ডাচেস ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারাতে বাড়িও কিনেছেন। গত মার্চে ব্রিটেন ছেড়েছেন বহু আলোচিত এ দম্পতি। প্রথমে তারা কানাডায় যান, তারপর যান লস এঞ্জেলসে। রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে চান এবং যুক্তরাজ্যের মানুষের করের পয়সা আর নেবেন না।
