চার মাসে সর্বনিম্ন শনাক্তের হার গত ২৪ ঘণ্টায়

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে। করোনা সংক্রমণের শেষ চার মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার গত ২৪ ঘণ্টায়। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬৪ শতাংশ। এর আগে ৯ মে এর চেয়ে কম শনাক্তের হার ছিল, ঐ সময় শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬৪ শতাংশ।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন। গতকাল মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮৯২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন হলো। আর গত এক দিনে মারা যাওয়া ৩৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৫৫২ জনে দাঁড়াল। আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৩ হাজার ২৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১৪ হাজার ৯৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ১৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের পুরুষ ৩ হাজার ৫৫৩ (৭৮ দশমিক ০৫ শতাংশ) এবং নারী ৯৯৯ জন (২১ দশমিক ৯৫ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৬ জনের মধ্যে দশোর্ধ্ব দুই, ত্রিশোর্ধ্বে দুই, চল্লিশোর্ধ্ব চার, পঞ্চাশোর্ধ্ব ছয় এবং ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ছয়, রাজশাহীতে দুই, খুলনায় আট, বরিশালে দুই, সিলেটে এক এবং রংপুর বিভাগে এক জন।