ইসি সচিব ও সময় টিভির বার্তা প্রধানকে ড. মিজানের লিগ্যাল নোটিশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০০:১৭

জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর দ্বিতীয় বার জাতীয় পরিচয়পত্র প্রদানের সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের জন্য নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহসহ চার জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ঐ প্রতিবেদন এবং সেখানে দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

ড. মিজানুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী মো. সাজ্জাদ হোসেন, খান মোহাম্মদ শামীম আজিজ, মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এই লিগ্যাল নোটিশ পাঠান। ডাকযোগে পাঠানো ঐ নোটিশ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট মো. শাহাবুদ্দিন এবং সময় টিভির প্রতিবেদক বেলায়েত হোসাইনের কাছে পাঠানো হয়েছে। আইনজীবী হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের বলেন, নোটিশ পাওয়ার পর নোটিশ গ্রহীতা পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।