সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৭৪ বার পেছাল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন আগাম?ী ১৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করে দেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৭৪ বার সময় পেছাল।

গতকাল ঐ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কাজ শেষ না হওয়ায় সময়ের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপরই আদালত সময় মঞ্জুর করে।

হাইকোর্টের নির্দেশে গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। ঐ প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দুই জন অপরিচিত ব্যক্তি জড়িত ছিল। সাগরের হাতে বাঁধা চাদর এবং রুনির টি-শার্টে ঐ দুই ব্যক্তির ডিএনএ’র প্রমাণ মিলেছে। অপরাধীদের শনাক্ত করতে ডিএনএ রিপোর্ট প্রস্তুতকারী মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি ল্যাব যথাক্রমে ইন্ডিপেনডেন্ট ফরেনসিক সার্ভিস এবং প্যারাবন স্ন্যাপশট ল্যাব কর্তৃপক্ষের সঙ্গে বর্তমানে যোগাযোগ অব্যাহত আছে। প্রতিষ্ঠান দুইটি ডিএনএ’র মাধ্যমে অপরাধীর ছবি বা অবয়ব প্রস্তুতের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।