বলিউড তারকা সুশান্ত রাজপুতের মৃত্যু

প্রেমিকা রিয়া চক্রবর্তী গ্রেফতার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০০:৩১

টানা তিন দিন ধরে জিজ্ঞাসাবাদের পর ভারতের বলিউড তারকা সুশান্ত রাজপুতের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এরপর গতকাল রাতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে আদালতে পেশ করা হয়। আদালত রিয়াকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। রবিবার থেকে রিয়াকে জেরা শুরু করেছিল এনসিবি। মাদক গ্রহণ নিয়ে রবিবার ও সোমবারের পর গতকাল মঙ্গলবারও কিছুক্ষণ রিয়াকে জেরা করা হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, জিজ্ঞাসাবাদে রিয়া বলিউডের ২০ থেকে ২৫ অভিনেতা-অভিনেত্রীর নাম বলেছেন যারা মাদক চক্রের সঙ্গে জড়িত।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে মুম্বাই পুলিশের হাতেই তদন্তভার ছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে আসে। মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট থেকে মাদকযোগের কথা উঠে এলে আলাদা করে তদন্ত করে এনসিবি। এ নিয়ে গত সপ্তাহে দফায় দফায় রিয়ার ভাই শৌভিককে জেরা করা হয়।