বাউফল পৌরশহর, কালাইয়া, কালিশুরী, বগা ও কনকদিয়া বন্দরে মালামাল পরিবহন কাজ করার জন্য খালগুলোর দুই পাশের সরকারি জায়গা দখল করে পাকা বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করায় নাব্যতা হারিয়ে খালগুলো এখন মৃতপ্রায়। নাব্যতা ফিরিয়ে আনতে প্রশাসনিকভাবে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ না করায় এসব খাল দিয়ে এখন আর নৌকা কিংবা ট্রলার চলাচল করতে পারছে না।
সরজমিনে দেখা গেছে, বাউফলের তেঁতুলিয়া নদী থেকে বাণিজ্যকেন্দ্র কালাইয়া বন্দরের প্রবেশপথ থেকে ধানহাট এবং ধানহাট আরসিসি ব্রিজ থেকে দক্ষিণ দিকে বেইলি ব্রিজ পর্যন্ত খালের দুই পাশের জায়গা স্থানীয় প্রভাবশালীরা দখল করে নিয়েছে। দখল করে সে জায়গায় তারা পাকা বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। একশ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে এসব খালের দুই পাড় দখল করে নিচ্ছে প্রভাবশালীরা—এমন অভিযোগ এলাকাবাসীর।
বাউফল পৌরশহর, কালিশুরী, কাশিপুর, নওমালা, বগা ও কনকদিয়া বন্দরের খালগুলোর দুই পাশের জায়গাও একইভাবে দখল করে নেওয়া হয়েছে। খালের পাড়ের জায়গাগুলো দখল করে নেওয়ায় পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে এবং জোয়ার-ভাটায় পানি ওঠানামা করতে না পারায় ঐসব খালের দুই ধারের ফসলি জমি সময়মতো কৃষকরা চাষাবাদ করতে পারে না। এ বিষয়ে বাউফলের সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের (বালি) কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি খাল দখল করার কোনো সুযোগ নেই। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
