চৌমুহনী পৌর নির্বাচন

মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১১

প্রথম শ্রেণির পৌরসভা চৌমুহনী। নিয়মানুযায়ী এ পৌরসভার নির্বাচন হওয়ার কথা চলতি বছরের অক্টোবর অথবা নভেম্বরের প্রথম দিকে। নির্বাচন ঘনিয়ে আসতেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে আলাপ অলোচনা শুরু হয়ে গেছে।

চৌমুহনী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চৌমুহনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সনের ৩০ ডিসেম্বর। এদিন গোলযোগের কারণে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। পরে ২০১৬ সনের ১২ জানুয়ারি ৯টি ও ২০ জানুয়ারি ১টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিতরা ১৪ ফেব্রুয়ারি শপথ নিয়ে ২২ ফেব্রুয়ারি প্রথম সভা করে। সে হিসাবে ২১ সালের ফেব্রুয়ারির  ২১ তারিখে মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে নিয়মানুসারে ২০২০ সনের অক্টোবর/ নভেম্বরের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, চৌমুহনী পৌরসভার নির্বাচন সংক্রান্ত এ পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। চৌমুহনী পৌরসভায় লোকসংখ্যা দেড় লাখ হলেও বহিরাগত বেশি হওয়ায় ভোটার সংখ্যা ৫৭ হাজার ৭০ জন। কেন্দ্র ২০টি। চৌমুহনী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোর্শেদা বেগম জানান, নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ইতিমধ্যে নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।