সিরাজগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাতে চিকিত্সক পরিচয়ে এক দম্পতিকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর গ্রামের মো. মিল্টন তালুকদার (৩৮) এবং তার স্ত্রী মোছা. পাপিয়া খানম (৩৫)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের নিউমার্কেটের দোতলায় অবস্থিত পাইলস্ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার চেম্বার থেকে পাইলস্ চিকিত্সার জন্য বিজ্ঞাপন, বিজ্ঞাপনে ব্যবহূত মোবাইল, রোগীদের তালিকা, চিকিত্সায় ব্যবহূত মেডিক্যাল বেড, ওষুধ ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। র্যাব-১২, স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, আটককৃত ভুয়া ডাক্তার মো. মিল্টন তালুকদার দীর্ঘদিন যাবত্ সিরাজগঞ্জ শহরে পাইলস্ কেয়ার সেন্টার খুলে বিভিন্ন ভুয়া আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অসহায় রোগীদের চিকিত্সা ও অপারেশন করতেন। তার স্ত্রী মোছা. পাপিয়া খানম নারীদের চিকিত্সা করতেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া ডাক্তার মো. মিল্টন তালুকদারকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ এবং তার স্ত্রী মোছা. পাপিয়া খানমকে ৩০ হাজার টাকা জরিমানা করে খালাশ প্রদান করা হয়।
