শেষ দেখছেন স্যামি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

২০০৭ সালে টেস্ট অভিষেকের সাত বছর পরই লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্যামি। ওয়ানডে থেকে অবসর না নিলেও জাতীয় দলের বাইরে ২০১৫ সাল থেকেই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছেন তিন বছর আগে। তবে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো এতদিন খেলে যাচ্ছিলেন তিনি।

গত মার্চে পাকিস্তান সুপার লিগের মাঝপথে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে কোচের দায়িত্ব নেন স্যামি। ভবিষ্যতের পানে হাঁটার সূচনা হয়তো সেখানেই। এবার সিপিএল চলা অবস্থায় জানালেন, তিনি শেষটা দেখতে পাচ্ছেন, ‘আমি অনেকটাই নিশ্চিত যে, এই বছর যদি আমরা দর্শকের সামনে খেলতাম এবং আমি যদি সেন্ট লুসিয়ায় ঘরের দর্শকদের সামনে খেলতে পারতাম, সম্ভবত ঘোষণা (শেষের) করেই দিতাম, যেটা আমি সব সময় বলে আসছি। আমার হাতে এখনো কিছু সময় আছে এবং সেন্ট লুসিয়ায় আমার ভক্তদের সামনে ঘরের মাঠ ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিয়ার শেষ করতে সত্যিই ভালো লাগবে।’ তবে এখনো অবসর নেওয়ার ব্যাপারটা নিয়ে নিশ্চিত হতে পারেননি তিনি, ‘তবে সব কিছু নির্ভর করছে, এরপর আমি কতটা কঠোর পরিশ্রম করছি। আমরা যদি শিরোপা জিতি, অবশ্যই অবসর নিয়ে চিন্তা করব। জানি, টি-টোয়েন্টি ক্রিকেট আরো খেলার চেয়ে অবসরের বেশি কাছে আমি—এটাই সত্যি।’