কাকে দায়ী করব?

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৮

ব্যবস্থাপনা বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল সরকারি বি এম কলেজ থেকে দ্বিতীয় শ্রেণিতে  স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে স্থানীয় কলেজে চাকরির চেষ্টা করি। কিন্তু ঘুষ না দেওয়ায় কোনো কলেজে চাকরি হয়নি। ২০১১ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন পত্র পরীক্ষায় পাশ করে ভেবেছিলাম আমি কোনো একটা কলেজে চাকরি পাব। কিন্তু দীর্ঘ ৯ বছর হয়ে গেল চাকরি পেলাম না। এ ব্যর্থতা কার? আমার না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন পত্র কর্তৃপক্ষের? এলএলবি পরীক্ষা দিয়েও পাশ করেছি। এখন আবার কোর্টে প্র্যাকটিস করতে হলে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। ২০১১ সালের আগে এলএলবি পরীক্ষায় পাশ করলে বার কাউন্সিলের কোনো পরীক্ষা দিতে হয়নি। এদিকে দিন দিন মামলা বাড়ছে, মামলার জটও বাড়ছে। একজন অ্যাডভোকেট একাধিক মামলা পরিচালনা করতে গিয়ে কোর্টে অনেক সময় উপস্থিত হতে পারেন না। যার ফলে কোর্টের কাছে উকিলের সহকারী সময় প্রার্থনা করেন। কোনো উকিল অসুস্থ হয়ে পড়লে আদালতের কাছে সময় প্রার্থনা করা হয়। এভাবে কোনো একটি মামলার নিষ্পত্তি হতে দীর্ঘদিন লাগে। দুর্ভোগ পোহায় জনসাধারণ। তাই এলএলবি পাশ করার পর শুধু ভাইভার মাধ্যমে বার কাউন্সিলের সনদ প্রদানের ব্যবস্থা করলে কয়েক লাখ প্রার্থীর আদালতে প্র্যাকটিস করার সুযোগ সৃষ্টি হবে। অনেক পরিবার মুক্ত হবে মামলাসংক্রান্ত জটিলতা থেকে। বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সোয়েব মেজবাহউদ্দিন

মোহাম্মদপুর, ঢাকা