করোনায় বিদেশফেরত কর্মীর সংখ্যা আশঙ্কাজনক নয়

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সংসদে বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশি কর্মীর সংখ্যা আশঙ্কাজনক নয়। করোনার কারণে বিভিন্ন দেশে ডিপোর্টেশন সেন্টারে থাকা অনিয়মিতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কারণে আমাদের কর্মীদের একটি ক্ষুদ্র অংশ দেশে ফেরত এসেছে। গতকাল বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১১১ জন কর্মী দেশে ফেরত এসেছেন। তাদের অনেকেই কাজের মেয়াদ শেষে বা কাজ না থাকায় দেশে ফেরত এসেছেন। যদিও আশঙ্কা করা হয়েছিল অর্থনৈতিক মন্দা এবং করোনার কারণে প্রধান কর্মী নিয়োগকারী দেশসমূহের শ্রমবাজার বিপর্যস্ত হওয়ার কারণে অনেক কর্মী বেকার হয়ে পড়বেন। কিন্তু আশার কথা এই যে, এখন পর্যন্ত ফেরত আসা কর্মীর সংখ্যা আশঙ্কাজনক হয়ে উঠেনি।

তিনি বলেন, বিগত বছরগুলোর হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় প্রতি মাসে ৬০ হাজার কর্মী বিদেশে গিয়েছেন। ২০১৯ সালের জানুয়ারি-আগস্ট মাসে ৪ লাখ ৬০ হাজার কর্মী বিদেশে গিয়েছেন। কিন্তু আগস্ট ২০২০ পর্যন্ত মাত্র ১ লাখ ৭৬ হাজার কর্মী বিদেশে গিয়েছেন। এর কারণ হলো এ বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কোনো কর্মী বিদেশে যেতে পারেননি বলা চলে।

বিবৃতিতে প্রবাসী কল্যাণমন্ত্রী দেশে ফেরত আসা কর্মীদের পুনর্বাসনের কথা তুলে ধরে বলেন, যেসব কর্মী ফিরে এসেছেন বা আসবেন তাদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা সংকট মোকাবিলায় বিদেশে থাকা কর্মীদের জন্য ১৩ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশে দুই দশকে ৩৮ বাঘের

মৃত্যু :পরিবেশমন্ত্রী

গতকাল সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এতে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন সংসদকে জানান, বাংলাদেশে গত দুই দশকে সুন্দরবনে ৩৮টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিডরের আঘাতে একটি, দুষ্কৃতকারীরা হত্যা করেছে ১০টি, জনতার পিটুনিতে মারা গেছে ১৪টি এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১৩টির।

শাহাব উদ্দিন জানান, সর্বশেষ ২০১৮ সালে সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে অনুষ্ঠিত বাঘ শুমারিতে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়, আর ২০১৫ সালে ১০৬টি বাঘ পাওয়া যায়। ২০২১-২০২২ সালে আরেকটি বাঘ শুমারি হওয়ার কথা রয়েছে।

এদিকে, নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদকে জানান, ১ লাখ ৯২ হাজার ৩৫১ জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারকে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।