রাজধানীর খিলক্ষেতে থানার ওসি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম শেখ মো. সোহেল ওরফে ইমদাদুল হক সোহেল ওরফে সোহেল রানা। গত মঙ্গলবার রাতে খিলক্ষেতের মোহাম্মাদীয়া গার্মেন্টস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গত ১৫ আগস্ট রাতে খিলক্ষেতের বাসিন্দা জাকির হোসেনের মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে কল আসে। কলদাতা নিজেকে খিলক্ষেতের ওসি পরিচয় দিয়ে এক জন মুমূর্ষু রোগীর চিকিত্সার জন্য জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলেন। তবে জাকির হোসেনের সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। প্রাথমিক অনুসন্ধানের পর মঙ্গলবার এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়। তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ।
