দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। তবে মৃত্যু বেড়েছে আগের দিনের চেয়ে। করোনার সংক্রমণ শনাক্তের হারও কমেছে। ১২ দশমিক ৩৮ শতাংশ হারে করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ। গতকাল বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের চেয়ে গতকাল পাঁচ জন বেশি মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার ৩৬ জন মারা যায়। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৪ হাজার ৫৯৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। মঙ্গলবার মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৮ শতাংশ। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ২ হাজার ৯৯৫ জন। মঙ্গলবারের চেয়ে গতকাল ২৪১ জন কম সুস্থ হয়েছে। মঙ্গলবার সুস্থ হয়েছিল ৩ হাজার ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৭১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬৯ দশমিক ১৯ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার দশমিক ৫২ শতাংশ বেশি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের চেয়ে গতকাল ৬৫ জন কম শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১৪ হাজার ৯৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৯২ জন।
