দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর নৃশংস হামলার ঘটনা সম্পর্কে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া বলেছেন, তদন্ত চলছে, তদন্তে জানা যাবে—কেন দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তবে আমার ধারণা—ইউএনওকে মেরে ফেলার জন্যই দুর্বৃত্তরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, আমরা আশাবাদী—তদন্তে সত্যটা বেরিয়ে আসবে এবং দুর্বৃত্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে। আমরা তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে চাই। তিনি গতকাল বুধবার দুপুরে হিলি স্থলবন্দর ও উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি বন্দরের পানামা পোর্ট সভাকক্ষে ব্যবসায়ী, কাস্টমস কর্মকর্তা, পোর্ট কর্তৃপক্ষ, পুলিশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, কাস্টমস উপ-কমিশনার সাইদুল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, পানামা পোর্টের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ সরদার।
