অস্ট্রেলিয়ার এক দুঃসাহসী নারী অভিযাত্রী লিসা ব্লেয়ার। পাল তোলা নৌকা নিয়ে তিনি একাই বের হয়েছিলেন দেশ প্রদক্ষিণে। লিসা ব্লেয়ার নামের ঐ নারী সফলভাবে অস্ট্রেলিয়া প্রদক্ষিণ করার পাশাপাশি অনন্য এক রেকর্ডও গড়েছেন। যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানে ফিরতে তার সময় লেগেছে ৫৮ দিন, দুই ঘণ্টা ২৫ মিনিট। দ্রুততম সময়ের হিসাবে তার এই কীর্তি গিনেস রেকর্ডের স্বীকৃতি লাভ করেছে। এর আগে যিনি তার মতো নৌকায় করে অস্ট্রেলিয়া ঘুরেছেন তার লেগেছিল ৬৮ দিন।
পুরো দেশ ঘুরতে তাকে পাড়ি দিতে হয়েছে ৬ হাজার ৫৩৬ নটিক্যাল মাইল। লিসা ব্লেয়ার এর আগেও এমন দুঃসাহসী অভিযান সম্পন্ন করেছেন। প্রথম নারী হিসেবে পাল তোলা নৌকা নিয়ে অ্যান্টার্কটিকা প্রদক্ষিণ করেছেন লিসা ব্লেয়ার। তার ভবিষ্যত্ পরিকল্পনা পাল তোলা নৌকা নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড পাড়ি দেওয়া। —ইউপিআই
