বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষ তাদের শুনানি সম্পন্ন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করে দেন।
গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েক জন নেতাকর্মী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন। ঐ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঐ মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ। পরে অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে আদালত। কিন্তু করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে পাঁচ মাস বন্ধ থাকে এই মামলার বিচার কাজ। পরে কোর্ট খুললে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলাটি অভিযোগ গঠনের ওপর দুই দিন শুনানি গ্রহণ করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের দণ্ডবিধির ৩০২ ধারাসহ চারটি ধারায় অভিযোগ গঠনের আবেদন জানান। অপরদিকে আসামিপক্ষ ৩০২ ধারায় অভিযোগ গঠন করা থেকে বিরত থাকতে আদালতে আবেদন করেন। প্রসঙ্গত অভিযোগপত্রভুক্ত ২৫ আসামির মধ্যে ২২ জন কারাগারে আছেন। বাকি তিন জন পলাতক। গ্রেফতারকৃতদের মধ্যে আট জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
