দেশে কাঁচা পাটের সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়েছে। একদিকে উত্পাদন কম অন্যদিকে মধ্যস্বত্বভোগীরা মজুত করে রাখায় বেসরকারি খাতের পাটকলগুলো কাঁচা পাট পাচ্ছে না। অন্যদিকে পাটের রপ্তানিও বেড়ে গেছে ব্যাপকভাবে। এ পরিস্থিতি চলতে থাকলে দেশের বহু পাটকল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। পরিস্থিতি মোকাবেলায় কাঁচাপাট রপ্তানির ওপর কার্যকর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন তারা। গতকাল বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএ) এবং জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজেএমএর সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, বিজেএসএর সভাপতি মোহাম্মদ জাহিদ মিয়া, বিডিজিপিইএ পরিচালক রাশেদুল করিম মুন্না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেএর ভাইস চেয়ারম্যান ফারিয়ান ইউসুফ, পরিচালক নাজমুল হক, মৃধা মনিরম্নজ্জামান, মহাসচিব শহীদুল করিম, সদস্য কাজী ইনাম আহমেদ প্রমুখ।
