পরিবেশবান্ধব শিল্পে ঋণ বিতরণে জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের কমপক্ষে ৫ শতাংশ পরিবেশবান্ধব খাতে দিতে হবে এবং মোট ঋণ থেকে কর্মচারী ঋণ অংশ বাদ দিয়ে এ হিসাব করতে হবে। এছাড়া ব্যাংকগুলোতে হেল্প ডেস্ক চালু করতে হবে।
গতকাল এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৬ সালের জানুয়ারি থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব অর্থায়নের লক্ষ্যমাত্রা বিতরণকৃত মোট ফান্ডেড ঋণ বা বিনিয়োগের ৫ শতাংশ নির্ধারণ করা হয়। এখন থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ অর্থায়নের ক্ষেত্রে মোট মেয়াদি ঋণ বা বিনিয়োগ থেকে কর্মচারী ঋণ বাদ দিয়ে এ হিসাব করতে হবে। অর্থাত্ কর্মচারী ঋণ বাদ দিয়ে মোট মেয়াদি ঋণ বা বিনিয়োগের ৫ শতাংশ এ খাতে বিতরণ করতে হবে।
আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে চিহ্নিত বা স্বীকৃত পরিবেশবান্ধব পণ্য বা প্রকল্প বা উদ্যোগে অর্থায়নের ক্ষেত্রে উক্ত হার বিবেচিত হবে। গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অর্জন তাদের ক্যামেলস রেটিং মূল্যায়নে বিবেচিত হবে। এছাড়া সব ব্যাংকে পরিবেশবান্ধব খাতে অর্থায়ন বা ‘সবুজ অর্থায়নে’ বিশেষ হেল্প ডেস্ক চালু করতে হবে।
আটটি খাতকে সবুজ অর্থায়নের জন্য চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। খাতগুলো হচ্ছে, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুত্ উত্পাদনের সক্ষমতা বৃদ্ধি, বিকল্প উত্স থেকে বিদ্যুত্ উত্পাদন, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য ও পুনর্ব্যবহারের পণ্য, পরিবেশবান্ধব ইটভাটা নির্মাণ, সবুজ অবকাঠামো ও সবুজসংশ্লিষ্ট খাত।
